গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ও বর্তমান মোট ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তবে তিনি জানান, ট্রাইব্যুনাল থেকে এখনো ওয়ারেন্টের (পরোয়ানা) কপি সেনাবাহিনীর সদর দপ্তরে এসে পৌঁছায়নি।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত ২৫ জন কর্মকর্তার মধ্যে অবসরপ্রাপ্ত: ৯ জন (এঁদের মধ্যে ১ জনকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে)।চাকরিতে কর্মরত: ১৬ জন।
সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিশ্চিত করেছেন যে, আদালতের পরোয়ানার আগেই অভিযুক্তদের মধ্যে চাকরিরত ১৫ জন এবং অবসরপ্রাপ্ত ১ জনসহ মোট ১৬ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে।
ট্রাইব্যুনালের এই পরোয়ানা এবং সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। পরোয়ানার কপি হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

