চাঁদপুরের ফরিদগঞ্জে এক নারীর করা মিথ্যা মামলার অত্যাচার থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে এলাকার সাধারণ মানুষকে নির্যাতন করে আসছেন। এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মানিকরাজ গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার শত শত মানুষ অংশ নেন। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তৃপ্তি সাহা চৈতি নামের এক নারীর বিরুদ্ধে বিচার দাবি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী তার বিরুদ্ধে মিছিল বের করে। তার ছবিতে জুতা দিয়ে আঘাত করেন এবং এলাকাতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ।
অংশগ্রহণকারীরা জানান, গত তিন বছর ধরে ওই নারী বিভিন্ন সময় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন। এ পর্যন্ত তিনি ৬টি মামলা দায়ের করেছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলেই তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা আরও জানান, “তৃপ্তি সাহা আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দেয়, কেউ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে নারী নির্যাতন বা ধর্ষণ মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে বলে ভয় দেখায়। আমরা এখন নিরুপায় হয়ে মানববন্ধনে নেমেছি। আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই।”
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবু সায়েদ, বাদল ডালি, খোরশেদ আলম, আব্দুস সাত্তার, রতন সাহা, রাজু সাহা, মনু মিয়াসহ অনেকে।

