রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২০ শতাংশ বাড়িভাড়া প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান শিক্ষকদের, ক্লাস বর্জনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজধানী ঢাকা ছাড়বেন না। জনদুর্ভোগ এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে অবস্থান সরিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। একই সঙ্গে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশে ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন,

“আমরা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি—প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেউ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন না।”

তিনি আরও বলেন,

“জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে আমাদের অবস্থানে যান চলাচলে বিঘ্ন ঘটছে। জনগণের কষ্ট আমরা চাই না। তাই শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবো। কিন্তু আন্দোলন থামবে না।”

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আন্দোলন করছেন দাবি করে আজীজি জানান,

“শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। সরকার আমাদের সঙ্গে তামাশা করছে। তাই বাধ্য হয়েই আমরা ১৪ অক্টোবর থেকে সারাদেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবো না।”

গত কয়েক মাস ধরেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা একাধিকবার স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

তাদের অভিযোগ, বর্তমান বাজারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বর্তমান ভাতার হার অপ্রতুল। ফলে বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া ভাতা বাড়ানো এখন সময়ের দাবি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন