বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় মো. আক্তার হোসেন নামে এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকালে পেয়ারা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় প্রস্তাবিত ট্যাকটিক্যাল অপজারভেশন পয়েন্ট (টিওবি) স্থাপন সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন নায়েক আক্তার হোসেন। এসময় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তার ডান পায়ের গোড়ালি থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি আমরা শুনেছি। বিজিবির এক সদস্য সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তবে এখনো বিস্তারিত তথ্য আমাদের হাতে পৌঁছায়নি।”
সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ ধরনের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

