২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেডের শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলকামানে ছত্রভঙ্গ হওয়ার পরও শিক্ষকরা রাস্তায় ফিরে এসে বারবার অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) শিক্ষক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছিল।
এর আগে, জাতীয়করণপ্রত্যাশী শিক্ষক জোটের একাংশ প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়ার ঘোষণা দেয়। মিছিল নিয়ে তারা সেদিকে অগ্রসর হলেও আরেকটি পক্ষ প্রেস ক্লাবের সামনের কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়। এতে এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের দাবি উপেক্ষিত হওয়ায় আন্দোলন ক্রমেই বিক্ষোভে রূপ নিচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

