সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সচিবালয়ে এক বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার (১২ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। উভয় পক্ষের জন্যই বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।” তিনি জানান, বাংলাদেশ সম্ভাব্যতা যাচাই ও বাণিজ্যিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement – CEPA) এবং মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA) বাস্তবায়নে আগ্রহী।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নে বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যদিও ইইউ-এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, তবে পারস্পরিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে উভয় পক্ষই লাভবান হতে পারে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কূটনীতিকরা, যার মধ্যে স্পেন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি ও সুইডেনের প্রতিনিধিরা ছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশাধিকার বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণের দিক থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন