শিক্ষকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, “রাস্তায় শিক্ষক পেটানো কোনও সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। সরকারকে এই হীন কাজের জন্য ক্ষমা চাইতে হবে।”
রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন ঘিরে শনিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশি লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
“এই শিক্ষকরা আমাদের সমাজের বাতিঘর। অথচ তারা ২০-২৫ হাজার টাকার বেতনে মানবেতর জীবন যাপন করছেন। এক কেজি ইলিশের দাম ২৮০০ টাকা—আর শিক্ষকের মাসিক বেতন দিয়ে সেটিও কিনতে পারেন না। এটা কিসের উন্নয়ন?” — বলেন এনসিপি নেতা।
তিনি আরও বলেন, “বাংলাদেশে শিক্ষা খাতকে সবচেয়ে অবহেলা করা হয়। স্বাস্থ্য উপদেষ্টা অসুস্থ হলে সিঙ্গাপুরে যান, অথচ শিক্ষকদের চিকিৎসা বা সম্মান নিয়ে কারও মাথাব্যথা নেই।”
হাসনাত বলেন, “এই সরকারের শিক্ষা উপদেষ্টা এখন প্রমোশন বান্ধব। শিক্ষাবান্ধব নয়। তাদের মূল কাজ এখন পোস্টিং আর পদায়ন। যারা অতীতে দলীয় সরকারকে সমর্থন দিয়েছেন, আজ তারাই পদ পাচ্ছেন—এটাই বাস্তবতা।”
এনসিপি এই নেতা বলেন, “গ্রেপ্তারকৃত শিক্ষকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আর সরকারকে প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে।”

