আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, রোববার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলায় ২০০ জনেরও বেশি তালেবান সদস্য ও সহযোগী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, দেশটির সীমান্তে হামলা প্রতিরোধে সেনাবাহিনী কঠোর প্রতিরোধ গড়ে তোলে। এতে পাকিস্তানের ভৌগোলিক নিরাপত্তা অক্ষুণ্ন থাকলেও সেনাবাহিনীর ২৩ সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন।
তালেবান প্রশাসনের পক্ষ থেকে পাল্টা দাবি এসেছে—বিমান হামলার জবাবেই তারা সীমান্তে গোলাবর্ষণ করে। আফগান পক্ষ দাবি করছে, পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত হয়েছে, যদিও ইসলামাবাদ এই সংখ্যা নিশ্চিত করেনি।
পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত সেনাদের বীরত্বের প্রশংসা করে বলেন, “এরা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। সীমান্তে প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়ে গেছেন।”
অন্যদিকে আন্তর্জাতিক মহল দুই পক্ষকেই সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বারবার এমন সংঘর্ষ দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের টানাপড়েন কূটনৈতিকভাবে মীমাংসিত না হলে, এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ভবিষ্যতে আরও বাড়তে পারে।

