রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাত কলেজ শিক্ষার্থীদের ‘শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা’, দ্রুত আইন বাস্তবায়নের দাবি

ডেস্ক রিপোর্ট।।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে রওনা হন।

পথে ইডেন মহিলা কলেজ ও পলাশী মোড় থেকে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা যুক্ত হন।

বকশীবাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে পদযাত্রা এগিয়ে চলে শিক্ষা ভবনের দিকে।

একই সময়ে তিতুমীর, মিরপুর বাংলা ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে একই দাবিতে রওনা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ—সরকার সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত খসড়া, রোডম্যাপ বা অধ্যাদেশ নেই। এতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন,

“আমরা আর অপেক্ষা করতে চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, দ্রুত অধ্যাদেশ দিতে হবে—অংশীজনদের মতামত নিয়ে।”

ছাত্রনেতা মো. নাঈম হাওলাদার বলেন,

“অধ্যাদেশের দিনক্ষণ না জানালে আমরা ক্লাসে ফিরব না। পড়ার টেবিলে ফিরতে হলে আমাদের হাতে অধ্যাদেশ থাকতে হবে।”

চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নাম প্রস্তাব করলেও আইন প্রণয়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।

তারা বলছে,

“অধ্যাদেশ ছাড়া আমরা কোনো স্বীকৃতি পাব না। নিয়োগ, পাঠ্যক্রম, প্রশাসনিক কাঠামো—সবকিছুই অনিশ্চিত।”

পদযাত্রা ঘিরে পলাশী, আজিমপুর, বকশীবাজার, নীলক্ষেত ও শিক্ষা ভবন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মোতায়েন রয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীদের যাতে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে:

৭টি সরকারি কলেজ (ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর বাংলা কলেজ)

আলাদা একাডেমিক কাঠামো ও প্রশাসন

পৃথক ভর্তি ও মূল্যায়ন ব্যবস্থা

আরও উন্নত উচ্চশিক্ষা পরিবেশ ও গবেষণা সুযোগ

তবে এ আইন কার্যকর না হওয়া পর্যন্ত এসব কলেজের শিক্ষার্থীরা রয়েছেন বিভ্রান্তি ও অস্পষ্ট ভবিষ্যতের মুখে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন