অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। খবরটি তার ঘনিষ্ঠ বন্ধু ডোরি রাথ নিশ্চিত করেছেন, জানিয়েছে বিবিসি।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে ডায়ান কিটন হয়ে উঠেছিলেন হলিউডের এক অবিস্মরণীয় নাম। ১৯৭০ সালে ‘লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। তবে বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কাই অ্যাডামস করলিওনের চরিত্রে অভিনয় করে।
পরবর্তীতে ‘অ্যানি হল’, ‘ফাদার অফ দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘ম্যানহাটন’, ‘দ্য ফ্যামিলি স্টোন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। ‘অ্যানি হল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অর্জন করেন ডায়ান কিটন।
শুধু অভিনয়েই নয়, পরিচালনার ক্ষেত্রেও রেখেছেন সৃজনশীলতার ছাপ। তার পরিচালিত কাজের মধ্যে রয়েছে তথ্যচিত্র ‘হেভেন’, কমেডি-ড্রামা ‘আনস্ট্রং হিরোস’ ও ‘হ্যাঙ্গিং আপ’।
ব্যক্তিজীবনে কিটন ছিলেন ব্যতিক্রমী চিন্তাধারার অধিকারী। কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি। তবে তার রয়েছে দুটি পালকসন্তান।
তার শেষ অভিনীত চলচ্চিত্র ‘সামার ক্যাম্প’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে।
ডায়ান কিটনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে। কিংবদন্তি এই অভিনেত্রীর অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

