সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম, বোতলজাত সয়াবিনে ৬ টাকা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকার পর আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে পাম অয়েলের দামও লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দর বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের হিসাবে:

  • ১ লিটার বোতলজাত সয়াবিন তেল: ১৯৫ টাকা

  • ১ লিটার খোলা সয়াবিন তেল: ১৭৭ টাকা

  • ১ লিটার পাম অয়েল: ১৬৩ টাকা

  • ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল: ৯৪৫ টাকা

গত আগস্টে তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কাছে ১০ টাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা দাম প্রকাশে সময়ক্ষেপণ করেন। এবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে এ মূল্যবৃদ্ধির ঘোষণা আসে।

নতুন দাম কার্যকর হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। বাজারে এরই মধ্যে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়লেও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নজরদারি জোরদার করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন