বাড়িভাড়া বাড়ানোসহ নানা দাবিতে শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকদের আজ (মঙ্গলবার) সচিবালয় অভিমুখে ঘোষিত লংমার্চ আপাতত স্থগিত করা হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় এই লংমার্চ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট (এনসিপি)’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মোবাইলে যোগাযোগ করে কর্মসূচি আপাতত না করার আহ্বান জানান।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “হাসনাত আব্দুল্লাহ আমাকে ফোন করে জানিয়েছেন যে সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেখানে ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সেই আলোচনার ফলাফল না জেনে আমরা যেন লংমার্চে না যাই—এমন অনুরোধই করেছেন তিনি।”
তিনি আরও বলেন, “আমরাও মনে করি, আলোচনার সুযোগ থাকলে তা কাজে লাগানো উচিত। তাই আপাতত সচিবালয় অভিমুখে যাত্রা স্থগিত করা হলো। বৈঠকের ফলাফল অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। সরকারি শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা না পাওয়ায় জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

