মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শিক্ষকদের ভিড় ক্রমেই বাড়ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন সচিবালয় অভিমুখে লং মার্চের।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, ঢাকায় অবস্থানরত ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহকর্মীরা এসে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। অনেকে রাস্তায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তারা শহীদ মিনারে পৌঁছাবেন।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“আমাদের দাবি আদায়ের শেষ মুহূর্ত চলছে। আমরা জানতে পেরেছি শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সকালে বৈঠকে বসেছেন। আমরা সে সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”
পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১২টায় লং মার্চ শুরুর কথা থাকলেও তা কিছুটা বিলম্বিত হচ্ছে। কারণ, আন্দোলনকারী শিক্ষকরা চাইছেন মন্ত্রণালয়গুলোর আলোচনার ফলাফল জেনে তারপর পরবর্তী সিদ্ধান্ত নিতে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, ফলে আন্দোলনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

