বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

‘আপনি সত্যিই সুন্দরী’, মেলোনির প্রশংসায় ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

মিসরের শার্ম এল-শেইখে আয়োজিত গাজা শান্তি সম্মেলন ইসরায়েল-হামাস সংঘাত নিরসনে কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হলেও, সম্মেলনের মূল আলোচনার চেয়েও বেশি আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত মন্তব্য।

সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করা হলেও, বক্তৃতার এক পর্যায়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বক্তব্যে ট্রাম্প বলেন, “আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি জানি না এটি বলার অনুমতি আমার আছে কিনা, কারণ আমাদের দেশে এখন কোনো নারীকে সুন্দর বলা মানেই আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।”

এরপর মেলোনির দিকে তাকিয়ে তিনি বলেন, “আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই — আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ।”

ট্রাম্পের এই মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এটিকে ‘আনপ্রফেশনাল’ ও ‘অপ্রাসঙ্গিক’ বলে আখ্যা দেন। অনেকে আবার মেলোনির মুখের প্রতিক্রিয়াকে উদ্ধৃত করে বলেন, তিনি মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন।

যেখানে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল গাজায় সংঘাত বন্ধে আন্তর্জাতিক সংহতি ও শান্তি স্থাপন, সেখানে এমন ব্যক্তিগত মন্তব্য পুরো আলোচনাকেই যেন অন্য খাতে প্রবাহিত করে দেয়।

সম্মেলনে ট্রাম্প আরও বলেন, “আপনারা সবাই আমার বন্ধু, দুর্দান্ত মানুষ। যদিও কিছু লোক আছেন যাদের আমি খুব একটা পছন্দ করি না—তবে কে তারা, সেটা বলব না।”

বিশ্লেষকরা বলছেন, এমন একটি উচ্চস্তরের কূটনৈতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্য বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করে তোলে এবং দৃষ্টি সরিয়ে নেয় মূল সমস্যা থেকে—গাজায় চলমান মানবিক সংকট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন