এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে হংকং চায়নার বিপক্ষে জয়ই একমাত্র পথ বাংলাদেশের সামনে। জয়ের বিকল্প কিছু ভাবছেন না লাল-সবুজ শিবিরের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মাঠে নামছে বাংলাদেশ।
এই ম্যাচের জন্য একাদশে কিছু পরিবর্তন এনেছেন কোচ। ফয়সাল ফাহিম ও সোহেল রানা জুনিয়র বাদ পড়েছেন। গোলপোস্টের দায়িত্বে আছেন তরুণ মিতুল মারমা। রক্ষণ সামলাবেন তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন এবং উইংয়ে খেলবেন জায়ান আহমেদ।
মাঝমাঠে ভরসা রাখা হয়েছে হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম ও সোহেল রানা (সিনিয়র) এর ওপর। একমাত্র ফরোয়ার্ড হিসেবে আক্রমণ সামলাবেন রাকিব হোসেন।
বাংলাদেশ বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে রয়েছে। মূল পর্বে যেতে হলে পরবর্তী তিনটি ম্যাচেই জয় দরকার। তাতে পয়েন্ট দাঁড়াবে ১০। তবে কেবল নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের ফলাফলের দিকেও।
বিশেষ করে ভারতকে হারানো আবশ্যক। পাশাপাশি হংকং যেন ভারতের বিপক্ষে না জেতে এবং সিঙ্গাপুর যেন ১০ পয়েন্ট স্পর্শ না করতে পারে, সেদিকেও নজর রাখতে হবে।
বাংলাদেশের একাদশ- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র) ও রাকিব হোসেন।

