বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট।।

গাজায় যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও থেমে নেই সহিংসতা। গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সরাসরি ফিলিস্তিনি বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, বাস্তবে পরিস্থিতি ভিন্ন। চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তির প্রতিশ্রুতি’ দিলেও, ইসরায়েলি বাহিনী পুরোনো রূপেই ফিরেছে বলে অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর।

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, বন্দিদশায় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। ওফার কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি ওই কারাগারকে ‘কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন।

যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হামাস গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও ৪ জনের মৃতদেহ হস্তান্তর করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭,৮৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,১০৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১,১৩৯ জন, এবং ২০০ জনের বেশি ইসরায়েলিকে বন্দি করা হয়।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর করতে হলে শুধুমাত্র কূটনৈতিক চুক্তি নয়, প্রয়োজন মাটির বাস্তবতায় তার প্রতিফলন। তা না হলে এই চুক্তিগুলো শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন