বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত কি এখন জান্নাতের টিকিট বিক্রি করছে? — জাতীয় প্রেস ক্লাবে রিজভীর প্রশ্ন

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক প্রচারণা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “জামায়াত কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে?”

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “ভোট দিলে জান্নাতে যাওয়া সহজ হবে — এমন প্রচারণা স্পষ্টতই মানুষের সঙ্গে প্রতারণা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জামায়াত মিথ্যা প্রচারের জন্য একটি বাহিনী গঠন করেছে। এটা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”

জামায়াতের প্রস্তাবিত ‘পিআর (প্রো-পারশানাল রিপ্রেজেন্টেশন)’ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা নিয়েও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, “পিআর, গণভোট, সংস্কার—এসব নতুন বিতর্ক তৈরি করে তারা আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণ মানুষ এসব বিষয়ে খুব বেশি জানে না, এটিকে বিভ্রান্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জামায়াত।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী এবং নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন