রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান এ নোটিশ পাঠান মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের অবসরোত্তর ছুটিতে থাকা পরিচালক অধ্যাপক আবেদ নোমানীর পক্ষে।

নোটিশে দাবি করা হয়েছে, গত ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিটি ‘অপমানজনক ও প্রশাসনিক শিষ্টাচারবহির্ভূত’, যা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তা না হলে, উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচ ও তদূর্ধ্ব কর্মকর্তারা সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করবেন। প্রার্থীকে সৎ, দায়িত্বশীল ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে বলে উল্লেখ করা হয়।

এই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিব, জনপ্রশাসন সচিব এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।

বিসিএস শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তা বিষয়টিকে “মহাপরিচালক পদে নিয়োগের প্রচলিত নিয়ম লঙ্ঘন” বলে মন্তব্য করেছেন। তাদের মতে, একজন ডিজি দায়িত্বে থাকা অবস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া “অপমানজনক ও বিভ্রান্তিকর”।

এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“মাউশির ইতিহাসে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নজিরবিহীন। এটি প্রশাসনে বিভ্রান্তি এবং অস্থিরতা তৈরি করবে।”

শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টার পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি দ্রুত সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে একটি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন