বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মিরসরাইয়ে পাহাড়ি ব্যক্তির কাছ থেকে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার এলাকা থেকে ৮ ফুট দীর্ঘ একটি বিষধর রাজ গোখরা (কিং কোবরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সাপটি উদ্ধার করা হয় এক পাহাড়ি ব্যক্তির কাছ থেকে, যিনি সেটি দিয়ে জনসাধারণকে ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং বিক্রির চেষ্টা করছিলেন।

উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়, সাপটিকে কয়েক দিন ধরে জনসম্মুখে প্রদর্শন করে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ক্রেতা সেজে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটির বিষদাঁত তুলে ফেলা হয়েছে এবং মাথায় আঘাতও রয়েছে। এ অবস্থায় সাপটি গুরুতর আহত। বর্তমানে এটি বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, “সাপটির অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে চিকিৎসা চলছে, আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে সেটি সুস্থ হয়ে উঠবে। তারপর উপযুক্ত সময়ে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন