দেশজুড়ে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধরে রেখেছে তাদের সাফল্যের ধারাবাহিকতা। এ বছর এ কলেজে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। তবে আশঙ্কার বিষয় হলো—জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এ বছর এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৪৩৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। অথচ গত বছর একই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
শুধু ভিকারুননিসাই নয়, সারাদেশেই এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে নজিরবিহীন পতন। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যেখানে গত বছর ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।
| বছর | পরীক্ষার্থী সংখ্যা | পাসের হার | জিপিএ-৫ |
|---|---|---|---|
| ২০২৪ | ২,৫৬৯ | ৯৯.০৬% | ১,৭৩৭ |
| ২০২৫ | ২,৫১৪ | ৯৭.৫৬% | ৯৮৬ |
২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। অথচ ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ মাত্র এক বছরে জিপিএ-৫ প্রাপ্তি কমেছে প্রায় ৭৭ হাজার।
বিশ্লেষকরা বলছেন, ফলাফলের এই তীব্র পতন কেবল ইংরেজি বা একটি বিষয়ে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে শিখন ঘাটতি, পাঠদান পদ্ধতির সংকট, এবং প্রস্তুতির অপর্যাপ্ততা।

