সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিমানবন্দরে হেনস্তার পর ফেসবুক পোস্ট, ফের তোপের মুখে নাইম শেখ

ডেস্ক রিপোর্ট।।

এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও চূড়ান্ত ভরাডুবি—তাও হোয়াইটওয়াশ। এমন দুঃসময়েও স্বস্তি পাচ্ছে না বাংলাদেশ দল। বুধবার দেশে ফেরার পর ক্ষুব্ধ সমর্থকদের রোষানলে পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, হৃদয়সহ জাতীয় দলের ক্রিকেটাররা।

শুধু দুয়োই নয়, বিমানবন্দরে কয়েকজন ক্রিকেটারের গাড়ির ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিরিজের শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এমন বাজে ব্যাটিং ধ্বংসস্তুপে পরিণত করে পুরো দলকে। হোয়াইটওয়াশ হওয়ার এই লজ্জাজনক পরিণতির পরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ সমর্থকরা।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে সহানুভূতি ও সম্মান চেয়ে আহ্বান জানান ওপেনার নাইম শেখ। তার লেখায় উঠে আসে হতাশা, যন্ত্রণার ছাপ এবং দেশপ্রেমের দাবি।

“আমরা শুধু খেলি না, দেশের নাম বুকে নিয়ে খেলি। জয়-পরাজয় খেলার অংশ, কিন্তু ঘৃণা নয়—চাই ভালোবাসা,” — লেখেন নাইম।

তবে তার পোস্টে সমর্থকদের প্রতিক্রিয়া ছিল ঠিক উল্টো। প্রায় ৯৯ হাজার রিয়েকশনের মধ্যে ৮৪ হাজারই ছিল ব্যঙ্গাত্মক ‘হাসির ইমোজি’। মন্তব্যেও ভরপুর সমালোচনা।

জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন নাইমের পাশে দাঁড়িয়ে নিজের স্ট্যাটাসে লেখেন:

“আমরা মানুষ, রোবট না। জয় ভাগাভাগি করা যায়, কষ্টেও কি একটু সহানুভূতি দেওয়া যায় না?”

কিন্তু এই পোস্টও ব্যুমেরাং হয়ে আসে তার দিকেই। ৪৪ হাজার রিয়েকশনের মধ্যে ৩২ হাজার ছিল হাসির ইমোজি, বাকিগুলোতেও ক্ষোভ-বিদ্রুপের ঝড়।

সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে তুমুল বিতর্ক। একপক্ষ বলছে—”দল যেভাবে হারছে, তাতে সমর্থকদের রাগ স্বাভাবিক”। অন্যপক্ষ মনে করে—”সমালোচনা হোক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিশ্লেষকরা বলছেন, “এত হতাশাজনক পারফরম্যান্সের পর দায় চাপানোর আগে প্রয়োজন সুস্থ বিশ্লেষণ, পরিকল্পনা আর সম্মানজনক সমালোচনা। মাঠের বাইরের রোষানল শুধু পরিস্থিতিকে আরও খারাপ করে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন