বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

জুলাই সনদে খালেদা জিয়ার ভিশন ও তারেক রহমানের ৩১ দফার প্রতিফলন: এমরান সালেহ প্রিন্স

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়—এটি বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফা রূপরেখার আংশিক প্রতিফলন। আগামীতে জনগণের রায়ে সরকার গঠন করে বিএনপি এই ঘোষণাগুলোর পূর্ণ বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) ময়মনসিংহের ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে ধোবাউড়া ট্রাইবাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, “ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হবে। ভাষা, সংস্কৃতি ও জীবনধারার সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ধোবাউড়া ও হালুয়াঘাটে গারো ও হাজং জাতিগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য রক্ষায় পৃথক জাদুঘর, সংস্কৃতিকেন্দ্র, নিরাপত্তা ও ধর্মীয় স্থাপনার উন্নয়নসহ পর্যটন সম্প্রসারণে সাফারি পার্ক স্থাপন করা হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “রাষ্ট্র হবে সবার, ধর্ম, সংস্কৃতি, ভাষা যার যার—কিন্তু রাষ্ট্রীয় সেবা, সুযোগ ও মর্যাদা সবার জন্য সমান। সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, বড়-ছোট নয়, আমরা সবাই বাংলাদেশি। এই নীতিই বিএনপির ভিত্তি।”

সভায় সভাপতিত্ব করেন ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামুয়েল চিরন। এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক,সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,সাংস্কৃতিক অ্যাকাডেমির পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল,এবং অন্যান্য গারো, হাজং নেতৃবৃন্দ।

প্রিন্স একই দিন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাড়ুয়াপাড়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। দুপুরে পুটিমারী বাজারে ৭নং এবং বিকেলে ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন