ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরের অভ্যন্তরে। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রথম দফায় চারটি ইউনিট, এবং পরে আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “দুপুর ২টা ৩০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ২টা ৩৪ মিনিটে প্রথম দল রওনা হয় এবং বর্তমানে ১৩টি ইউনিট কাজ করছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, “কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগলেও, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং বিমানবাহিনীর দল তাৎক্ষণিক কাজ শুরু করেছে।”
এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কার্গো এলাকায় বৈদ্যুতিক গোলযোগ বা রাসায়নিক দ্রব্য থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সতর্কতা হিসেবে পুরো কার্গো ভিলেজ এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ঘটনাটি ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে কার্গো এলাকায় দাহ্য ও গুরুত্বপূর্ণ সামগ্রী থাকায়, আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত তদন্ত করে আগুনের উৎস চিহ্নিত করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

