মাত্র ২০৮ রানের লক্ষ্য, তাও যেন পাহাড় হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজের জন্য। কারণ একটাই—রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনার একাই ধসিয়ে দিলেন ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ, নিলেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেল ৭৪ রানের দাপুটে জয়।
শুরুটা ভালো করলেও ধীরে ধীরে ছন্দ হারায় সফরকারীরা। বিশেষ করে রিশাদের স্পিন ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় ক্যারিবীয়রা। ৩৯ ওভারে ১৩৩ রানেই থেমে যায় তাদের ইনিংস।
১২তম ওভারে প্রথম আঘাত হানেন রিশাদ, এরপর একে একে বিদায় করেন কিং, রাদারফোর্ড, চেজসহ গুরুত্বপূর্ণ ব্যাটারদের। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে হয়ে যান ম্যাচের সেরা তারকা।
ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনারদের ব্যর্থতার পর শান্ত-হৃদয় মিলে কিছুটা হাল ধরেন। হৃদয়ের ৫১ আর অঙ্কনের ৪৬ কিছুটা আশা জাগালেও, দল অলআউট হয় ২০৭ রানে। তবে শেষদিকে রিশাদ (২৬) ও তানভীর (৯*) গুরুত্বপূর্ণ রানের যোগান দেন।

