বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ময়মনসিংহ সীমান্তে অবৈধ বালু উত্তোলনে সীমানা সংকটের আশঙ্কা, বিজিবির সতর্ক বার্তা

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের সীমান্তবর্তী নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে একাধিক সীমান্ত পিলার বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তের বরাক নদীতে কিছু অসাধু চক্র রাতের আঁধারে বৈধ ইজারা এলাকার বাইরে থেকে বালু তুলছে। বিশেষ করে হালুয়াঘাট উপজেলার ঘোষগাঁও সীমান্ত এলাকায় ১০৭/১০৮ নম্বর মৌজায় নিয়মিতভাবে অবৈধ উত্তোলনের ঘটনা ঘটছে। ফলে নদী ভাঙন বেড়েই চলেছে, হুমকিতে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি এবং সীমান্ত পিলার।

বিজিবি জানায়, “বালু উত্তোলনের কারণে একাধিক সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে আন্তর্জাতিক সীমারেখার শূন্য রেখা সঠিকভাবে নির্ধারণে সমস্যা দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদে কূটনৈতিক জটিলতায়ও রূপ নিতে পারে।”

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে কাজ করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হলেও চিহ্নিত চক্র এখনো বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

এতে স্থানীয়দের চলাচলেও চরম ভোগান্তি দেখা দিয়েছে। বালুবাহী ট্রাক্টর ও ভ্যান চলাচলে গ্রামীণ সড়কগুলো বিধ্বস্ত হয়ে গেছে। বিশেষ করে রোগী ও শিশুদের যাতায়াতে ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে:

বালুমহাল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর স্থায়ী চেকপোস্ট স্থাপন

নিয়মিত টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা

বালু উত্তোলনের সুনির্দিষ্ট সীমানা চিহ্নিত করে দৃশ্যমানভাবে পতাকা ও খুঁটির ব্যবস্থা

অনিয়মে জড়িত ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রয়োজনে ইজারা বাতিল

স্থানীয় বাসিন্দারা বলছেন, “প্রতিদিন রাতেই নদীর পাড়ে ট্রাক্টরের শব্দ শোনা যায়। দিনের আলোতে প্রশাসন এলেও, রাতে তারা আবার শুরু করে।” তারা দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন