রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

১৮তম শিক্ষক নিবন্ধন সুপারিশবঞ্চিত ১৬২১৩ জনকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি

ডেস্ক রিপোর্ট।।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ থেকে বঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের দাবি, চলতি বছরের নভেম্বরের মধ্যেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী প্রতিনিধি খোরশেদ আলম।

নভেম্বরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করা।

নীতিমালা পরিবর্তনের পূর্বে প্রাতিষ্ঠানিক ও বিষয়ভিত্তিক বাধা দূর করে শূন্য পদ যুক্ত করে সবার নিয়োগ নিশ্চিত করা।

প্রার্থীরা বলেন, দেশে ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, অথচ তারা রাষ্ট্র কর্তৃক যাচাইকৃত মেধাবী ও যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও নিয়োগ পাচ্ছেন না। গত ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২টি পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হয়েছে। এতে বিপুলসংখ্যক আসন ফাঁকা রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন প্রার্থীরা। শিক্ষা সচিব ও এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে একাধিক বৈঠক হলেও এখনো সমাধান হয়নি।
সম্প্রতি এনটিআরসিএ চত্বরে বিক্ষোভ ও প্রতিনিধি দলের বৈঠকের পর প্রশাসনের মধ্যস্থতায় কিছু আশ্বাস মিললেও, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

খোরশেদ আলম বলেন, “সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও আমরা নিয়োগ না পেয়ে হতাশা, মানসিক চাপ ও সামাজিক নিগ্রহের শিকার হচ্ছি। শিক্ষা খাতে যখন যোগ্য শিক্ষক সংকট প্রকট, তখন আমাদের নিয়োগ না দেওয়া চরম অবিচার।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, নিপা আক্তার, সৈকত, আক্তারুজ্জামান, শিরিনা আক্তার, ইমরান হোসেন, রোকনুজ্জামান, সুলতানা প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন