সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আরাউহোর শেষ মুহূর্তের গোলে লা লিগার শীর্ষে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ সময় সমতায় থাকা ম্যাচের ফলাফল পাল্টে যায় শেষ মুহূর্তে। ইনজুরি সময়ের রোমাঞ্চকর গোলে বার্সেলোনা ২-১ ব্যবধানে হারিয়েছে জিরোনাকে। ফলে শুধু মূল্যবান তিন পয়েন্টই নয়, লা লিগার শীর্ষস্থানও দখলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচে রোনাল্ড আরাউহোর শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পায় কাতালানরা। আন্তর্জাতিক বিরতির আগে টানা দুটি পরাজয়ের ধাক্কা কাটিয়ে এই জয় বার্সাকে ফিরিয়ে দিয়েছে ছন্দে।

ম্যাচের ১৩ মিনিটেই দুর্দান্ত আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। দৃষ্টিনন্দন পাসিংয়ের পর বল পেয়ে নিচু শটে জালে পাঠান পেদ্রি, ১-০।
তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ২০ মিনিটে কর্নার থেকে ফিরে আসা বল বক্সে পেয়ে অ্যাক্সেল উইটসেল অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে গোল করেন, স্কোরলাইন ১-১।

প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে।
জিরোনার হয়ে ভানাত ও পোর্টু গোলের কাছে গিয়েও ব্যর্থ হন। বার্সার মার্কাস র‍্যাশফোর্ড ফ্রি কিকে বল মারেন ক্রসবারে।
ফারমিন লোপেজ ও পাউ কুবারসিও সুযোগ পান, তবে একটির শট পোস্টে লেগে ফেরে, আরেকটি গোল বাতিল হয় ফাউলের কারণে।

ম্যাচের ৮৫ মিনিটে রাশফোর্ড পেনাল্টি দাবি করলেও রেফারি তা নাকচ করেন।
রেফারির এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হন বার্সা কোচ হান্সি ফ্লিক, এবং প্রতিবাদ জানাতে গিয়ে দেখেন লাল কার্ড।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি সময়ের শেষ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোনাল্ড আরাউহো।
এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

খেলা শুরু হয় এক অভিনব দৃশ্য দিয়ে — কিক-অফের পর দুই দলের খেলোয়াড়রাই ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকেন।
এটি ছিল বার্সেলোনার ভিয়ারিয়ালের বিপক্ষে আসন্ন ম্যাচ মায়ামিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় লা লিগা ক্লাবগুলোর সম্মিলিত প্রতিবাদ।

এই জয়ে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদ ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তবে তাদের একটি ম্যাচ হাতে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন