সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার কোয়াব সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন খালেদ মাসুদ।

পদত্যাগপত্রে পাইলট লেখেন,

“কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে কাজ করা আমার জন্য ছিল এক গর্বের বিষয়। তবে এখন আমি বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য। উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে আমি কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

গত ৬ অক্টোবর বিসিবির ক্যাটাগরি-৩ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রতিনিধি) থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন খালেদ মাসুদ।
এই ক্যাটাগরিতে মোট ৪৫ ভোটের মধ্যে ৪৩টি ভোট পড়ে। একটি বাতিল হয় এবং ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন পাইলট। তার প্রতিদ্বন্দ্বী, কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।

খালেদ মাসুদ কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, যেখানে জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ-ও নির্বাচিত হয়েছেন।

খেলোয়াড়দের কল্যাণমূলক সংগঠন কোয়াব এবং দেশের ক্রিকেট প্রশাসনের কেন্দ্র বিসিবিতে একসঙ্গে দায়িত্ব পালন করলে সংঘাত বা স্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে — বিষয়টি বিবেচনায় নিয়েই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পাইলট। বিশ্লেষকরা বলছেন, এটি একটি দায়িত্বশীল ও পেশাদার পদক্ষেপ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন