বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুর্নীতির অভিযোগে সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানিয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহর আয়কর বিবরণী, সম্পদ বিবরণী এবং ব্যাংক হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে— তিনি অবৈধভাবে অর্জিত ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ নিজের দখলে রেখেছেন, যা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ ছাড়া, বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে সংস্থাটি। এসব অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

দুদকের বক্তব্য অনুযায়ী, এ সম্পদের উৎস দুর্নীতি, ঘুষ এবং ক্ষমতার অপব্যবহার। এসব অবৈধ অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও রয়েছে মামলায়।

দুদকের একজন কর্মকর্তা বলেন,

“এটি দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গুরুতর অপরাধ। আমরা পর্যাপ্ত নথিপত্র যাচাই-বাছাই করে মামলা করেছি।”

এ বিষয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন