সরকারে গেলে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের চলমান কর্মসূচিতে যোগ দিয়ে এ প্রতিশ্রুতি দেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চলমান মহাসমাবেশের নবম দিনে এ্যানি বলেন, “তারেক রহমান এবং বিএনপি সবসময় শিক্ষকদের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। আমরা সরকারে এলে সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণ করা হবে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। নয়তো এর দায় সরকারকেই নিতে হবে।” একইসঙ্গে তিনি শিক্ষক সমাজকে শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।
সরকারি ঘোষণায় বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। তারা দাবি করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ৫ শতাংশ বৃদ্ধি একেবারেই অপ্রতুল।
তাদের তিন দফা দাবি হলো:
১. বাড়িভাড়া ভাতা বৃদ্ধি
২. চিকিৎসা ভাতা পুনর্বিন্যাস
৩. উৎসব ভাতা সমতা অনুযায়ী নির্ধারণ
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
রোববার (১৯ অক্টোবর) শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশি বাধার ঘটনায় ক্ষোভ ছড়ায় আন্দোলনকারীদের মধ্যে। এরপর থেকেই তারা আমরণ অনশন এবং সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।
শিক্ষকদের চলমান দাবির প্রতি সংহতি জানিয়েছে বিএনপির পাশাপাশি গণ অধিকার পরিষদ, এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার প্রজ্ঞাপন দিয়ে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

