রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতা নির্দেশনা জারি

ডেস্ক রিপোর্ট।।

সারাদেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোতে অগ্নিসুরক্ষা নিশ্চিত করতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস ও দপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা বের হওয়ার সময় অবশ্যই অফিস কক্ষের সকল বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার এবং এসির সংযোগ বন্ধ করে নিশ্চিত করতে হবে।

এছাড়াও অগ্নিকাণ্ড প্রতিরোধে নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি এবং সচেতনতামূলক উদ্যোগ নিতে বলা হয়েছে।

এই সতর্কতা চিঠি পাঠানো হয়েছে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, আঞ্চলিক শিক্ষা অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সংশ্লিষ্ট দপ্তরসমূহে।

নির্দেশনার পেছনে সাম্প্রতিক কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা বিশেষভাবে প্রভাব ফেলেছে।

১৪ অক্টোবর: মিরপুর শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু।

১৬ অক্টোবর: চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আসে প্রায় ১৭ ঘণ্টা পর।

১৮ অক্টোবর: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ২৭ ঘণ্টা।

এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন একই ধরনের ঝুঁকির মুখে না পড়ে, সে লক্ষ্যে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন