রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সমালোচনা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট।।

বলিউডে অভিষেকেই সমালোচনার মুখে পড়েছেন নবাগত অভিনেতা ইব্রাহিম আলি খান। শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়া’ ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ায় বিদ্ধ হয়েছেন তিনি। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এই তারকাপুত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম অকপটে স্বীকার করেছেন, “আমার প্রথম সিনেমা সত্যিই ভালো ছিল না। দর্শকদের সমালোচনা একেবারে অমূলকও নয়।”

তবে এও জানান, সমালোচনার নামে ট্রলিং যেভাবে চলেছে, সেটি অনেক সময় অন্যায় মনে হয়েছে তার কাছে। “অনেকে হয়তো সিনেমাটি না দেখেই কেবল ট্রল করার জন্য ট্রল করেছেন,” মন্তব্য করেন তিনি।

তারকা-সন্তান হিসেবে বলিউডে প্রবেশ করার কারণে ‘নেপোটিজম’ বিতর্কে স্বাভাবিকভাবেই উঠে এসেছে ইব্রাহিমের নাম। দর্শক ও সমালোচকদের মতে, চলচ্চিত্রে তার অভিব্যক্তি ছিল দুর্বল, সংলাপ বলার ধরন ছিল একঘেয়ে এবং অভিনয়ে আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট।

ইব্রাহিম বলেন, “কেউ কেউ তো বলেই দিলো, ‘ওর দ্বারা সম্ভব নয়।’ এসব কথায় মনোবল হারানোর উপক্রম হয়েছিল। তবে আমি থামিনি। বরং ভবিষ্যতে ভালো কাজ দেখিয়ে জবাব দিতে চাই।”

“আমি জানি, মানুষ আমাকে এখনই একদম বাতিল করে দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে যদি আমি একটি ব্লকবাস্টার ছবিও উপহার দিই, আমি চাই তখনও যেন এমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকি,” বলেন তিনি।

‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে ছিলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। প্রযোজনায় ছিলেন করণ জোহর। শক্তিশালী ব্যাকআপ থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই পেয়েছে হতাশাজনক রিভিউ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন