বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ আসনে প্রার্থী দিল এলডিপি

ডেস্ক রিপোর্ট।।

তৃতীয় পক্ষের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি দেশের ৮৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।

ড. অলি আহমদ জানান, সারাদেশের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। “এলাকাভিত্তিক সাংগঠনিক শক্তি, দলের প্রতি নিবেদন এবং জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী ঠিক করেছি,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, “আমরা যুগপৎ আন্দোলনের শরিক, বিএনপির সঙ্গে সমন্বয় করেই কাজ করছি। যদি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে আমাদের দলীয় প্রার্থীদের সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য—গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে এলডিপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (বীর মুক্তিযোদ্ধা),প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী,ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ প্রমুখ।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃতীয় শক্তি হিসেবে নিজেদের ভূমিকা জোরদারে সচেষ্ট এলডিপি। দলটি দাবি করছে—তারা শুধু আন্দোলনের অংশীদার নয়, আগামী নির্বাচনে ‘সুদৃঢ় প্রার্থী তালিকা’ নিয়ে মাঠে থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন