ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। এবার সংগঠনটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে— ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় সমন্বয় সভায় সংগঠনটির নতুন কাঠামো ও নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি, রাজনৈতিক লক্ষ্য ও সাংগঠনিক রূপরেখাও জানানো হবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন নাম নিয়ে বেশ কিছু প্রস্তাব থাকলেও ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটিই প্রায় চূড়ান্ত। এটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে কাজ করবে।
নতুন কেন্দ্রীয় কমিটি হতে পারে সর্বোচ্চ ১০১ সদস্যের। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ‘বিশেষ শাখা’ হিসেবে ঘোষণা এবং ‘সুপার ফোর’ নামে সমন্বিত নেতৃত্ব কাঠামো চালু করার পরিকল্পনাও রয়েছে।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান। এছাড়াও শীর্ষ নেতৃত্বে থাকছেন মহির আলম (ঢাবি), সিয়াম (জাবি), ফারদিন হাসান এবং লিমন আহসান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আলোচনায় রয়েছেন রিফাত রশিদ, তাহমীদ আল মুদ্দাসসির, আল আমিন সরকার, মোহাম্মদ সাকিব ও হাসিব আল ইসলাম।
বাগছাস নেতারা বলছেন, সংগঠনে অনুপ্রবেশকারী ও আদর্শচ্যুত সদস্যদের জন্য আগের কাঠামো কার্যকর রাখা যায়নি। বিশেষ করে ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু সদস্যের স্যাবোটাজ অভিযোগে শৃঙ্খলা বিঘ্নিত হয়। তাই এবার কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়া হচ্ছে।
আবু বাকের মজুমদার বলেন, “ওয়েলফেয়ার ভিত্তিক রাজনীতির পরিবর্তে আমরা আদর্শিক ও ছাত্রকেন্দ্রিক রাজনীতিকে গুরুত্ব দিচ্ছি। আমরা চাই, ভবিষ্যতের ডাকসু ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে।”
২০২৩ সালের অক্টোবরে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে আত্মপ্রকাশ করে একটি ছাত্র সংগঠন, যা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। তবে ১৩ সেপ্টেম্বর এর সব কমিটি স্থগিত করে নতুন নামে গঠিত হয় বাগছাস।
সেখানে কাঙ্ক্ষিত অগ্রগতি না পাওয়ায় আবারও নতুন রূপে আত্মপ্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে—নাম পাল্টে, কাঠামো বদলে।
সম্প্রতি এনসিপির যুব ও শ্রমিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় যুব শক্তি ও জাতীয় শ্রমিক শক্তি। ধারণা করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় এবার ছাত্র ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে ‘জাতীয় ছাত্রশক্তি’।

