অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে থাকবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নিশ্চিত করেছেন, পাঁচ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম,সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান,সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তবে হামিদুর রহমান আজাদ কক্সবাজার থেকে ঢাকায় রওনা হয়েছেন। তিনি সময়মতো পৌঁছাতে না পারলে ৪ জন নেতা সাক্ষাতে অংশ নেবেন বলে জানা গেছে।
বেশ কয়েকটি রাজনৈতিক সূত্র মনে করছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও অবস্থান জানতে চায় সরকার।
যদিও এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সম্প্রতি প্রধান উপদেষ্টা একাধিক রাজনৈতিক দল ও কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনের আগে একটি সর্বজনগ্রাহ্য পরিবেশ তৈরি ও রাজনৈতিক ঐক্যমত্য গঠনের লক্ষ্যেই এসব বৈঠক হচ্ছে বলে মনে করা হচ্ছে।

