বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

অক্সফোর্ডে ‘তারেক রহমানের রাজনীতি’ নিয়ে বই প্রকাশ, আলোচনায় থাকছে তার ভাবনা ও আদর্শ

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে ঘিরে একটি গবেষণাধর্মী গ্রন্থের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বইটির নাম — ‘সমসাময়িক বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি’, লেখক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আগামী শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অক্সফোর্ড-বাংলাদেশ সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

বই উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, এবং বইটির লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আয়োজকরা জানিয়েছেন, বইটি মূলত তারেক রহমানের রাজনৈতিক দর্শন, দলীয় ভাবনা, সমসাময়িক বাংলাদেশ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা ভিত্তিক। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ হতে পারে বলে মত প্রকাশ করেছেন আয়োজকরা।

উল্লেখ্য, অক্সফোর্ড-বাংলাদেশ সোসাইটি যুক্তরাজ্যে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি সংগঠন, যা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটি বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা সভা, প্রকাশনা ও গবেষণামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে।

লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন,

“বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তাঁকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও তাঁর রাজনৈতিক চিন্তাভাবনা ও কর্মকাণ্ড একাডেমিক পর্যায়ে খুব বেশি আলোচিত হয়নি। এই বই সেই শূন্যতা পূরণে একটি ছোট প্রয়াস।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন