বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

একই দিন সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

এরও আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির আরেকটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন