বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে গুরুতর আহত হন জাহিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, “রাতে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি হচ্ছিল। জাহিদ সেটি দেখতে বের হয়। হঠাৎ তার সামনে ককটেল বিস্ফোরিত হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সে আর বাঁচেনি।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “চিকিৎসকের বরাতে আমরা নিশ্চিত হয়েছি, জাহিদ ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মারা গেছেন। মরদেহ মর্গে রাখা আছে, বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।”

জানা গেছে, সম্প্রতি জেনেভা ক্যাম্প এলাকায় বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দিন আগেও আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন