বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খুলনায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

ডেস্ক রিপোর্ট।।

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লবণচরা থানার সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি আটক মো. নাজমুল হাসান মোল্লার (৫৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে সকালে নাজমুল হাসান ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী নাজমুল হাসানকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন,

“প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন