রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি

ডেস্ক রিপোর্ট।।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইউজিসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

ইউজিসি সূত্রে জানা গেছে, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। একইসঙ্গে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। সংশ্লিষ্টদের মতে, নতুন শিক্ষাবর্ষে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, গুচ্ছ থেকে পূর্বে সরে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়ও এবার পুনরায় যুক্ত হবে। এছাড়া নতুন অনুমোদন পাওয়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

সভা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ওই বৈঠকেই নির্ধারণ করা হতে পারে। তবে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান সামনে থাকায় ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়া কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, সে ক্ষেত্রে মার্চ-এপ্রিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির প্রধান ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন,

“২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করতে এই সভা ডাকা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হবে।”

তিনি আরও বলেন,

“ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা আলোচনা করেই সিদ্ধান্ত হবে। কারণ, কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নিজস্ব তারিখ ঘোষণা করেছে—গুচ্ছের তারিখ যেন সেসবের সঙ্গে না মিলে যায়, সেটিও বিবেচনায় নেওয়া হবে।”

ইউজিসি জানায়, চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে অল্প কিছু শূন্য আসন থাকলেও সেগুলো পূরণের আর সুযোগ নেই।

সভায় এসব বিষয় পর্যালোচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী রূপরেখা ও নীতিমালা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন