বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত ও এনসিপিকে যা বললেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক বৈঠকে দুই দলের প্রতিনিধি দল জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সব দলের সহযোগিতা অপরিহার্য।”

এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, আর জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ চায়। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, “সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে,” এবং এনসিপিকে সনদে স্বাক্ষর করার আহ্বান জানান তিনি।

পরবর্তী বৈঠকে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোটের দাবি জানান। ডা. আবদুল্লাহ তাহের বলেন, “নির্বাচনের আগে গণভোট হলে সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমবে।”

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকালীন প্রশাসনের যেকোনো পরিবর্তন তিনি নিজেই তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: বাসস

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন