বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন— এ প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের উপযুক্ত মনে করেন, তাহলে অবশ্যই তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন— এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

খালেদা জিয়ার অংশগ্রহণ প্রসঙ্গে ফখরুল বলেন, “এটা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। যদি স্বাস্থ্য ভালো থাকে, নিশ্চয়ই অংশ নেবেন; না থাকলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আসন্ন নির্বাচনের আগে তৃণমূল ও ডিজিটাল প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি। দলটি ঘোষণা করেছে একটি নতুন কাঠামো— ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)’, যা অনলাইন ও মাঠ পর্যায়ে সমন্বিত প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজিএনের প্রস্তাব অনুমোদন হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বিজিএনের কেন্দ্রীয় কমিটিতে থাকবেন ১৫ নেতা, নেতৃত্ব দেবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। প্রতিটি কেন্দ্রীয় নেতা ২০টি আসনের সমন্বয় করবেন।

দেশের ৩০০ আসনে দুজন করে মোট ৬০০ অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে, যাঁরা মাঠ পর্যায়ে দলের বার্তা পৌঁছে দেবেন এবং অনলাইন অপপ্রচার মোকাবিলায় কাজ করবেন। এসব অ্যাক্টিভিস্টকে নির্দিষ্ট সম্মানী দেওয়া হবে এবং তারা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকবেন।

গত ৮ অক্টোবর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিজিএনের কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

দলটির নেতাদের ভাষায়, “বিজিএন শুধু তৃণমূল সংগঠনকে শক্তিশালী করবে না, অনলাইনেও বিএনপির উপস্থিতি দৃঢ় করবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন