বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ কোরআন হেফজ করল ৯ বছরের আরফান

ডেস্ক রিপোর্ট।।

অভূতপূর্ব এক নজির স্থাপন করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সি মো. আরফান হোসাইন। মাত্র ১৪৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। এর আগে তিনি কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায় অধ্যয়ন করেছেন।

ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন,

“১৪৩ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথম। হাফেজ আরফান আমাদের গর্ব এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, কোরআন হিফজ করা শুধু একটি অর্জন নয়, এটি একজন মুমিনের জন্য মহান ইবাদত ও জীবনের পরম বরকতের পথ।

আরফান হোসাইন কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও কোরআন তেলাওয়াতে তার বিশেষ আগ্রহ ছিল। নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র পাঁচ মাসেরও কম সময়ে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে সে।

আরফানের হাফেজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরো কুচিয়ামোড়া গ্রামে আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রতিবেশী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় করছেন।

আরফানের বাবা লাভু হুজুর বলেন,

“আমার সন্তানের এই অর্জন আল্লাহর বিশেষ রহমত। সে যেন কোরআনের আদর্শে জীবন পরিচালনা করে—এটাই আমাদের দোয়া।”

মাত্র ৯ বছর বয়সে ১৪৩ দিনে কোরআন মুখস্থ করে আরফান দেখিয়ে দিয়েছে, অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে অসম্ভব কিছু নেই। ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই শিশু আলেম সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন