রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পর পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সেই ঘটনায় নিরাপত্তাজনিত কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।
বিশেষজ্ঞদের মতে, বিয়ারিং প্যাড হলো উড়ালপথ বা সেতুর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি হয়। এটি উড়ালপথের কাঠামো থেকে আসা ভার সরাসরি পিলারের ওপর না পড়ে, তা মাটিতে সঞ্চারিত করতে সহায়তা করে।
ঘটনাটি নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

