বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, নির্বাচনে অংশ নেবেন বলেও ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবং তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের প্রত্যাশা—তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন। সূত্র জানায়, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন, ফলে দেশে ফিরতে আইনি বাধা নেই।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, “আমরা ২৩ নভেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছি। সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, জাপান থেকে তারেক রহমানের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি আনার প্রক্রিয়া চলছে, যা তার আগমনের আগে ঢাকায় পৌঁছাবে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন—যে বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আশা করছি, নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। সুনির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে।”

নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেন—তিনি নিজেই সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা পরে নির্ধারিত হবে।”

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “দলীয় মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারেক রহমান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এটি তার নেতৃত্বেরই প্রমাণ।”

এ সময় তিনি আশা প্রকাশ করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা চাই, তিনি নির্বাচনে অংশ নিন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন