বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বান্দরবানে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট।।

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত দেড়টার দিকে অনিল দাশের খাবারের দোকান থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্তত ১১টি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বাজারের দক্ষিণ-পশ্চিমে আগুন লেগে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেছিলেন। তবে ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে হওয়ায় দেরিতে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে থানচি ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা মংলুং মারমা বলেন, “বাজারের দিকে লেলিহান শিখা দেখে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছেছিলাম। স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেছি, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল।”

একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হ্লায়ইংচিং মারমা বলেন, “২০২৩ সালে আগুনে ৫০টি দোকান পুড়েছিল। আজ আবারও আমাদের জীবনের শেষ সম্বলটি হারিয়ে ফেললাম।”

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, “আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাজারে এসে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ বলেন, “রাত সোয়া ২টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি।”

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসেও বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান এবং কয়েকটি বসতঘর পুড়ে গিয়েছিল। দেড় বছরের ব্যবধানে আবারও আগুন লাগায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন