সামাজিক মাধ্যমে পরিচিত ইসলামি বক্তা মোহাম্মদ ফখরুল আলম ইসলামিক ফাউন্ডেশনে দীর্ঘ ১০ বছর চাকরির পর সাময়িক বরখাস্ত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে তার জমাকৃত বিএ (অনার্স) সনদ জাল প্রমাণিত হওয়ার পর ফাউন্ডেশন এই পদক্ষেপ নিয়েছে।
ফখরুল আলম ২০১৫ সালের ১৯ মার্চ সহকারী সম্পাদক (৯ম গ্রেড) পদে যোগ দেন। তিনি ২০০৮ সালে বিএ (অনার্স) ডিগ্রি অর্জনের দাবি করে সনদ জমা দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিতে জানানো হয়, তার পরীক্ষার ফলাফল ‘ফেল’ এবং সনদ জাল হিসেবে শনাক্ত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বরখাস্ত আদেশে উল্লেখ করেছে, বৈধ সনদ ছাড়া অসত্য তথ্য দিয়ে নিয়োগ লাভ করা অনৈতিক ও বেআইনি। ১৬ অক্টোবর থেকে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।
ফখরুল আলম সামাজিক মাধ্যমে ইসলামি বক্তৃতার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি অংশ নিয়েছেন এবং হালাল উপার্জন ও নৈতিকতার গুরুত্ব বিষয়ক বক্তৃতা দিয়েছেন। তবে নিজেই জাল সনদে সরকারি চাকরি নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
ফাউন্ডেশন সূত্র জানায়, শুধু ফখরুল আলম নয়, সংস্থায় আরও কিছু কর্মকর্তা-কর্মচারীর সনদ ত্রুটিপূর্ণ বা জাল, যারা মূলত সাবেক মহাপরিচালক শামীম মো. আফজালের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

