বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না : সারজিস আলম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী রাজনীতি ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এককভাবে বিএনপি বা জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। তিনি বলেন, এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং এনসিপির সক্রিয় ভূমিকা অপরিহার্য।

রোববার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম জানান, জুলাই সনদের বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এনসিপির উপস্থিতি অত্যাবশ্যক। তিনি আরও বলেন, “যেদিন সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত হবে, জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দেবে, সেই দিনই এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে। তার আগে কাগজে কলমে স্বাক্ষর করে জনগণকে প্রতারিত করা সম্ভব নয়।”

এনসিপি নেতা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থান পরবর্তী কমিশন যথাযথ ও নিরপেক্ষ আচরণ করবে। প্রয়োজনে শাপলা প্রতীক নিয়ে রাজপথে নামার পাশাপাশি কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে।

সারজিস আলম আরও বলেন, “কেবল কিছু আসন পেতে সংসদে যাওয়াই আমাদের লক্ষ্য নয়। যে দল সনদ সংস্কার, বিচারিক প্রক্রিয়া, ভারতীয় আধিপত্যবিরোধ ও ফ্যাসিবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সঙ্গে আগামী নির্বাচনে আমরা ঐক্য গড়ব।”

সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির ও দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন