সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ মেট্রোরেলের ওপর থেকে ভারী ধাতব অংশটি নিচে পড়ে আবুল কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেট্রোরেলের কাঠামোর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ‘বিয়ারিং প্যাড’ নামের ওই ধাতব অংশটি আলগা হয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার আগের রাতে নিজের ফেসবুকে একটি পোস্টে আবুল কালাম লিখেছিলেন— “ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
তার এমন স্ট্যাটাসের পরদিনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

আবুল কালাম এক ছেলে (৫) ও এক মেয়ের (৩) জনক ছিলেন।
তার মেঝভাবি আছমা বেগম জানান, “দুপুরে শেষবার কথা হয়েছিল। সে বলেছিল ইলিশ মাছ কিনে রাখতে। কিন্তু সে আর ফিরল না।”

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, “সরকারি অবহেলার কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন তার ছোট সন্তানদের ভবিষ্যৎ কী হবে?”

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি আরও জানান, পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হলে মেট্রোরেল কর্তৃপক্ষ তাকে চাকরির সুযোগ দেবে।

এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে ১১ ঘণ্টা।

বিয়ারিং প্যাড হলো উড়ালপথের কাঠামোতে ব্যবহৃত বিশেষ রাবারজাত অংশ, যা সেতু বা রেলের ওপরের চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০–১৫০ কেজি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক এমন দুর্ঘটনা মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন