বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাঁচ বছর পর চীন-ভারত আকাশপথে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো চীন ও ভারতের সরাসরি ফ্লাইট। রোববার (২৬ অক্টোবর) সকালে কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে উড্ডয়ন করেছে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।

ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।”

ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় ব্যবসা, পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কলকাতা-গুয়াংঝু রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ৯ নভেম্বর থেকে শুরু হবে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট।

সংস্থাটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে দিল্লি-গুয়াংঝু রুটেও দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারি ও ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর পর এই ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন